লেখক, গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৭ সেপ্টেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মরহুমের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শোকবাণীতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘লেখক, গবেষক, প্রবীণ রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের একজন প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী নেতা। বদরুদ্দীন উমর একজন খ্যাতিমান লেখক, গবেষক ও বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। ষাটের দশকে জাতীয়তাবাদ, ধর্ম ও রাজনীতি বিষয়ে তার রচিত গ্রন্থগুলো মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে সাংস্কৃতিক চেতনা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং স্বাধীনতার আন্দোলনে প্রভাব বিস্তার করে। ২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।’
তিনি আরো বলেন, ‘বদরুদ্দীন উমর গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু অবদান রেখে গিয়েছেন। আমি তার ইন্তেকালে শোক প্রকাশ করছি ও তার রূহের মাগফিরাত কামনা করছি।’
বদরুদ্দীন উমরের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রেস বিজ্ঞপ্তি



