নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যারা ১৭ বছর ধরে আন্দোলন করছেন, তাদের বেঁচে থাকতে হবে। এই দেশকে মুক্ত করতে হবে, মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে; গণতান্ত্রিক আদেশ ফিরিয়ে আনতে হবে; বাংলাদেশের মানুষের মালিকানা নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে- এর জন্য সবাইকে বেঁচে থাকতে হবে।
আজ মঙ্গলবার ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আমরা একসময় শেখ হাসিনাকে দোষারোপ করতাম সংবিধান মানেন না, আইন মানেন না। শেখ হাসিনাকে বিদায় করার পরও এখন দেখা যাচ্ছে- অনেকে সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না; তাদের সিদ্ধান্ত তারা অন্যের ওপর চাপিয়ে দিতে চায়।
তিনি বলেন, এই দেশের মালিক হচ্ছে জনগণ। কোনো দাবি থাকলে আগামী নির্বাচনে জনগণের সামনে যান; জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাশ করান।
‘যেখানে ঐক্যমত হয়েছে, সেখানে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করা ঠিক নয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। এজন্য বিএনপিকে বিজয় করতে কাজ করার আহ্বান জানান আমীর খসরু।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নীতি সংক্রান্ত কাজ বর্তমান সরকারের কাজ না। এগুলো নির্বাচিত সরকারের কাজ। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত হয়েছে, এর বাহিরে জোর করে চেপে দেয়া কোনো সিদ্ধান্ত আমরা মানব না।



