কড়াইল বস্তিতে মশারি বিতরণ করেছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান। এ সময় তিনি বলেন, জাময়াত ক্ষমতায় গেলে মানুষের স্বাস্থ্যের মৌলিক অধীকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) কড়াইল বস্তির স্বল্পোন্নত ১০০০ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: এস এম খালিদুজ্জামান বলেন, ‘সমাজের মানুষের মাঝে স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা না থাকার কারণে মানুষ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। মানুষকে সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে জামায়াত কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ড্রেনেজ ও বর্জ্য পরিষ্কার রাখা ও মশারি ব্যবহার করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ কারণে জামায়াত বিভিন্ন কর্মসূচির ভেতর ড্রেনেজ পরিষ্কার ও মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।’
‘আগামী দিনে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।’
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান। সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইসমাইল হোসেন।



