বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারআক্রান্ত মা ভূজোপতি চাকমার সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এর নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ তিনি রাঙামাটির পাহাড় খাল ডিঙিয়ে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে যান।
রিজভী বলেন, পতিত সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ ভাওতাবাজি। এটা মানুষের সাথে প্রতারণা। তার প্রমাণ আজকে এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। না আছে রাস্তাঘাট, না আছে যোগাযোগব্যবস্থা ।
তিনি বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলে আমরা জাতিকে গড়ে তুলব। এটাই আমাদের মূলমন্ত্র। এই মূলমন্ত্রের একজন এটিকে ধারণ করেছেন। তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা।
‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা বলেন, এই সংগঠনটি মানব সেবার জন্য। আমরা এই কৃতিমান ফুটবলার ঋতুপর্ণার পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। ঋতুপর্ণার মা যতদিন সুস্থ না হবে, তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ ইনশাআল্লাহ তার পাশে থাকব।



