অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
সোমবার (১১ মে) দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। সাদিক কায়েম ওই পোস্টে লেখেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণের লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূস এর সাথে এক ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।
তিনি আরো জানান, সাক্ষাৎকালে বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।
সাদিক কায়েম লেখেন, ‘এ সময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম তার হাতে তুলে দেই। জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনাও তুলে ধরি আমরা। তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আমাদেরকে তিনি ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছেন।
তিনি জানান, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, তা বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চেয়েছি। একইসাথে ৫ আগস্ট পরবর্তী সঙ্কটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।



