জাগপা ছাত্রকাফেলার গোলটেবিল বৈঠকে বক্তারা

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সমাধান হবে রাজপথে’

তাসমিয়া প্রধান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন যে, দেশে দুর্নীতি ও ঘুষ বন্ধ হয়নি।

নয়া দিগন্ত অনলাইন

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেছেন, গত কয়েক মাসে দেশে দুর্নীতি ও ঘুষ বন্ধ হয়নি। এর কারণ হিসেবে তিনি জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার বিষয়টিকে দায়ী করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগপা ছাত্রকাফেলা আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ ও গণভোট: সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাসমিয়া প্রধান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন যে, দেশে দুর্নীতি ও ঘুষ বন্ধ হয়নি। তিনি বলেন, ‘বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, কারণ জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ সংসদে বাস্তবায়ন না হলে রাজপথেই এর সমাধান হবে।’

বৈঠকে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, অতীতে যে কৌশলে বিএনপিকে বাধাগ্রস্ত করা হয়েছিল, এখন বিএনপি একই কৌশলে বিরোধী দল ও ভিন্নমতকে দমন করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা না থাকলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিরও কোনো অস্তিত্ব থাকবে না।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের সমর্থকেরা রয়েছেন। একই সাথে বিএনপির পক্ষ থেকেও প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘হামলা-মামলা বা কারাবন্দি করার ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুর রহমান, ভিপি মুজিবুর রহমান, হাজী হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, ঢাকা মহানগরের সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বাংলাদেশ ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, জুলাই ফোর্স-২০২৪ সভাপতি মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সভাপতি আবু দারদা সুজন, জুলাই-যোদ্ধা ও সংগঠক মো. গোলাম আযম, ছাত্রকাফেলা সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, শিক্ষা সম্পাদক আদিবা খানম, ধর্ম সম্পাদক মো. মাহবুব, ঢাকা মহানগর সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হুসাইন রাহুল।