সরকারের ভুল থাকলেও আমরা ব্যর্থ হতে দেব না : রাশেদ খাঁন

‘আরেকটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেব না। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন রাশেদ খাঁন
বক্তব্য রাখছেন রাশেদ খাঁন |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি এবং ৬ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন বলেন, গতকাল আমাদের ওপর যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরো ঘটনা ঘটবে। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিচার হওয়া দরকার।

তিনি বলেন, আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি যে, এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার।

রাশেদ খাঁন বলেন, একই সাথে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা, কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা ছোট কোনো ঘটনা নয়। এই ঘটনার সমাধান ও প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটতে পারে।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইনের শাসনে বিশ্বাস করে। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এই দেশে রাজনীতি করার সুযোগ নেই। সুতরাং ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। যদি তারা ন্যূনতম সুযোগ পায় তবে আবারো ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

তিনি আরো বলেন, আরেকটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেব না। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন যাদের জীবন, রক্ত, ত্যাগ, ঘাম, অর্থের মাধ্যমে পুরো দেশে যুব অধিকার পরিষদ ছড়িয়ে পড়েছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে বলে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। আমাদের আজকে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বড়সড় প্রস্তুতি নেয়া হলেও দলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর হামলায় কর্মসূচি ছোট করে আনা হয়েছে।

দলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারে আওতায় আনতে হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নুরে ওপর হামলা সরকার দায় এড়াতে পারে না বলে যে মন্তব্য করেছেন এবং আসিফ নজরুলের ফেসবুক পোস্টের নিন্দা করে তিনি বলেন, সরকার আসলে কে? ইঁদুর বিড়ালের গল্পের মতো, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, দফতর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, ঢাকা মহানগর উত্তর যুব সভাপতি রাহুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর হিরণসহ বিভিন্ন ক্রিয়াশীল যুব সংগঠনের নেতৃবৃন্দ।