‘আওয়ামী ফ্যাসিবাদীরা দেশের সকল রাষ্ট্রীয় কাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসীবাদীদের স্বপ্নবিলাসী করবে।’
রোববার (১ জুন) পল্লবী মধ্য থানা জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মীদের নিয়ে এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, ‘বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোতে কোনোভাবেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। তাই আগামীতে দেশে সুশাসনসহ সাংবিধান শাসন প্রতিষ্ঠা এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার আনা জরুরি। একই সাথে জুলাই গণহত্যাকারী বিচার দৃশ্যমান হওয়া দরকার। মূলত, সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহ তা’য়ালা আমাদের ওপর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোকে অত্যাবশকীয় বা ফরজ করে দিয়েছেন। এ দায়িত্ব নিয়েই দুনিয়াতের সকল নবী-রাসূল পাঠিয়েছিলেন। বিশ্বনবীও একই দায়িত্বপ্রাপ্ত হয়ে দুনিয়াতে মিশন সফলভাবে শেষ করেছিলেন। তার আসহাবগণও একই দায়িত্ব পালন করে গেছেন নিরবিচ্ছিন্নভাবে। সে ধারাবাহিকতায় এ দায়িত্ব এখন আমাদের ওপর এসেছে। তাই এ দায়িত্ব কারো পক্ষেই পাশ কাটানোর সুযোগ নেই। মূলত, আল্লাহ রাব্বুল আলামীন মু’মিনের জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আর এ দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই বরং ইসলামী আন্দোলনের কর্মীদের শপথ গ্রহণের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ময়দানে আপোষহীন থাকতে হবে।’
আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও তরান্বিত করতে ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে শপথবদ্ধ জীবনের আওতায় আসার আহ্বান জানিয়েছেন ড. রেজাউল করিম।
থানা আমির রইসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের হোসাইন রাজনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের মসলিসে শূরা সদস্য ও রূপনগর থানার আমির মাওলানা আবু হানিফ। এতে উপস্থিত ছিলেন থানা শূরা কর্মপরিষদ সদস্যরা।



