জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরানোর আহ্বান জানিয়ে বলেছেন, দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে ছিনিমিনি খেলবেন না। বুলেট, গুলি চালিয়ে পার পাবেন না। আমিও মাঠে নামবো। বুলেট গুলির সামনে আমিও বুক পেতে দেবো।
একজন ঋণখেলাপী, গার্মেন্টস ব্যবসায়ী , দলকানাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়ার অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, যিনি একটি গার্মেন্টস কোম্পানি চালাতে পারেন না তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জামায়াত আমির গণভোটের রায় বানচালের চেষ্টার মাধ্যমে দেশবাসীকে অপমানিত করা হয়েছে জানিয়ে বলেন, এই অপমানের প্রতিশোধের ছাইচাপা আগুন একদিন জ্বলে উঠবে।
তিনি বলেন, আমরা বার বার বলেছি, আমরা সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করবো।তবে অন্যায় কাজের বিরোধিতা করে যাবো। জাতীয় সংসদের আগামী অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। এই অধিবেশন দেশের মানুষের কপাল বদলানোর অধিবেশন। মানুষ একটা পরিবর্তন চায়। মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে এদেশ বদলাইবেই ইনশা আল্লাহ।
সিলেট শিল্প কলা একাডেমিতে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান আ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের , সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ মাওলানা আবদুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জয়নাল আবেদীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী।
নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগানে মুখরিত সমাবেশে জামায়াত আমির বলেন, মানুষ আমাদের কাছে জানতে চায় সরকারের তিন মাস কেমন দেখলেন? আমি বলেছি, এখনো বলার সময় আসেনি। তবে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশ তেমন ভালো নেই। মাত্র তিনমাসের সরকারের মন্ত্রী এমপিদের মাঠে ময়দানে "ভুয়া ভুয়া" শ্লোগান শুনতে হচ্ছে।
বর্তমান সরকার রাতের সরকার কি না জানতে চেয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রাতের আঁধারে তারা সংসদকে, সংসদীয় কমিটিকে পাশ কাটিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে গায়ের জোরে সংসদে টেবিল চাপড়ানো হয়েছে। সকল অধ্যাদেশকে গলাটিপে হত্যা করা হয়েছে।
গণভোটকে জনগণের চূড়ান্ত রায় উল্লেখ করে তিনি বলেন, আজকে তারা সংবিধানের দোহাই দেয়। তিনি প্রশ্ন করেন রাস্ট্রপতি জিয়াউর রহমান কোন সংবিধানের অধীনে গণভোট করেছিলেন।
গণভোটের প্রচারণার সময় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান ক্ষীণ কণ্ঠে হলেও হ্যাঁ এর পক্ষে ভোট দিতে আহ্বান জানান। এখন তারা জাতির সাথে চরম প্রতারণায় লিপ্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
" আমাদেরকে তারা গুপ্ত বলে " উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা কারাগারে ছিলাম, আমরা এদেশে থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা দাসখত দিয়ে বিদেশ যাইনি।
তাই আমরা গর্বিত গুপ্ত। গুপ্ত হয়ে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়ে দেয়ার ফলেই আজ তারা ক্ষমতায় যেতে পেরেছেন।
এদিকে মঙ্গলবার সকালে নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির সিলেট মহানগরের সেক্রেটারিয়েট সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের তরুণ সমাজকে অ্যাকাডেমিক উৎকর্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আধুনিক জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধসম্পন্ন তরুণরাই ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।



