বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিক্যাল বোর্ড।
আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ-খবর নেয়ার পর এসব তথ্য জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না জানান, মেডিক্যাল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন যে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবুও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিদেশে নেয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ইউরোপের কয়েকটি দেশের কথা বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, চিকিৎসকরা এখনো আশাব্যঞ্জক কিছু জানাতে পারেননি। গতকালের মতোই সঙ্কটাপন্ন অবস্থা থাকলেও তাতে উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, নানা জটিল রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর (রোববার) ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে আবারো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল বোর্ডের অধীনে সিসিইউতে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।



