মধ্যরাতে ব্রিফিং

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল : ডা: জাহিদ

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করছেন ডা: এ জেড এম জাহিদ হোসেন |সংগৃহীত

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন।

কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করেন তিনি।

চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে এই চিকিৎসক বলেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পর ওনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।’

স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তী সময়ে আইসিইউতে নেয়া হয় বলেও জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এই সদস্য বলেন, দেশী-বিদেশী চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তার পুত্রবধূ ডা: জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।

এদিকে, শনিবার রাতে আবারো মাকে দেখতে গিয়েছিলেন তারেক রহমান। দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত ১১টা ৫৮মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তার শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তার চিকিৎসা চলমান।