মগবাজারে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

একইসাথে চাঁদাবাজি বন্ধে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম অগ্রাধিকার হবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় তিনি বলেন, জামায়াতের কাছেই দেশ নিরাপদ।

তিনি বলেন, সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। এ ক্ষেত্রে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, মানবিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কোনো বিকল্প নেই।

সেলিম উদ্দিন বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর সড়ক-ঘাট পানিতে তলিয়ে যায়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগের মধ্য দিয়েই ঢাকার মানুষ প্রতিদিন জীবনযাপন করছে।

তিনি আরো বলেন, বৃষ্টি উপেক্ষা করেও অসংখ্য মানুষ এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছেন, যা মানুষের স্বাস্থ্যসেবার প্রকৃত চাহিদার প্রতিফলন। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়, ফলে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণেই জামায়াতে ইসলামী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে।

তিনি জানান, ইতোমধ্যে ভাটারা, উত্তরা ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিটিতে ৪/৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়েছে। এসব কার্যক্রমের আওতায় প্রায় ৯০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত তাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। আগামীতে নগর পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি সেবামুখী নগর গড়ে তোলার চেষ্টা করা হবে।

একইসাথে চাঁদাবাজি বন্ধে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম অগ্রাধিকার হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামসহ দেশের সকল মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৪ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, উপস্থিত ছিলেন জোবায়ের হোসেন রাজন, জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা, ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৬নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আহসান উল্লাহ, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, মহানগরী মজলিসে শূরা সদস্য কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ, আবু সাঈদ মন্ডল, খন্দকার রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।