ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে দলটির ৫ সদস্যের এক প্রতিনিধি দল বৈঠক করেন।
বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেই সাথে ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন-অগ্রগতিতে দুই রাষ্ট্র কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) বেলা ২টা ৩০ মিনিটে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার নিজ বাসায় যাওয়ার কথা রয়েছে।



