মধ্যরাতে চরমোনাই পীরের দরবারে এনসিপি

দেশের যেকোনো ভালো ইস্যুতে তারা একসাথে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal
চরমোনাই পীরের দরবারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
চরমোনাই পীরের দরবারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম |সংগৃহীত

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। তারই অংশ হিসেবে এনসিপির নেতারা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল সেখানে গেলে তাদের স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন।

ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়ায় সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাহিদ ইসলামসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতা রাত সাড়ে ৯টায় চরমোনাই দরবারে পৌঁছান। তাদের অভ্যর্থনা জানান, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম। এ সময় চরমোনাই মাদরাসার হাজার হাজার ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’

তিনি জানান, ‘অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।’

নাহিদ ইসলাম জানান, ‘চরমোনাই মাদরাসা দেখতে এবং কবর জিয়ারত করতে তারা সেখানে গেছেন। চলমান পদযাত্রায় তারা যেসব জেলায় যান সেখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় তারা চরমোনাই দরবারে গেছেন।’

আগামীতে একসাথে নির্বাচন করবেন কি না এ প্রশ্নে ফয়জুল করিম বলেন, ‘দেশের যেকোনো ভালো ইস্যুতে তারা একসাথে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।’

এদিন রাত সাড়ে ১১টায় কে এম শরিয়ত উল্লাহ জানান, ‘নাহিদ ইসলামসহ অন্যরা রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির শীর্ষ নেতারা গতকাল সোমবার রাতে বরিশাল নগরীতে পৌঁছেছেন।