‘ধানের শীষে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ’ মর্মে বিবৃতি সত্য নয় বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, নেজামে ইসলাম পার্টির একাংশের মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম সংবাদমাধ্যমে মঙ্গলবার রাতে একটি বিজ্ঞপ্তি পাঠান। সেখানে মুমিনুল ইসলাম দাবি করেন যে, ‘যারা বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন তাদের মধ্যে রয়েছেন বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়খ মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর শায়খ আব্দুল মতিন, মুফতি জাফর আহমদ এবং হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।’ এছাড়াও আরো অনেক বিখ্যাত দরবার ও ওলামায়ে কেরামের নাম ব্যবহার করা হয়েছে।
ওই বিবৃতিতে আরো জানানো হয়, জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ এই বিষয়ে আল্লামা মাহমুদুল হাসান, শায়খ আল্লামা আব্দুল মতিন, আল্লামা জাফর আহমাদ এবং হেফাজতের ইসলামীর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেবের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, তারা এমন কোনো সমর্থন দেননি। অন্যান্য যাদের নাম এসেছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চলছে, তবে ওলামায়ে কেরামের শান ও তবিয়ত অনুসারে তাদের থেকে নির্দিষ্ট কোনো দলকে সমর্থন দেয়া সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে জানানো হয়, নির্বাচনের আগে দেশের শীর্ষ উলামায়ে কেরামের নাম ব্যবহার করে এমন বিবৃতি বিভ্রান্তিজনক। বিশেষ করে আল্লামা মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর শায়খ আল্লামা আব্দুল মতিন, আল্লামা জাফর আহমাদ এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নামে মিথ্যা সমর্থন জানিয়ে বিবৃতি দেয়া উদ্দেশ্যপ্রণোদিত যা মিথ্যা অপপ্রচারের শামিল। এই বিষয়ে বিবৃতিদাতাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। প্রশাসন এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে।



