রিজভী

শুক্র ও শনিবার বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

‘গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।’

অনলাইন প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) ও শনিবার নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, তিন দিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষে এখন সাক্ষাৎকার গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩টা থেকে) এবং পরদিন শনিবার (৩টা থেকে) বিএনপির মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবে।

রিজভী জানান, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন।

সাক্ষাৎকারের সূচি অনুযায়ী :

প্রথম দিন শুক্রবার : রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

দ্বিতীয় দিন শনিবার : চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

রিজভী আরো বলেন, বিভাগভিত্তিক তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোর যেসব প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদেরই নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সংক্ষিপ্ত এ প্রক্রিয়ার মধ্য দিয়েই সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান রিজভী।