বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে ড্যাবের অভিনন্দন

‘এই ঐতিহাসিক বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন।’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল এ অভিনন্দন জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ড্যাব নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক বিজয় কেবল একটি রাজনৈতিক সাফল্য নয়; বরং এটি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জনগণের দৃঢ় প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন।’

দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ড্যাবের যেসব চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়।

স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রসঙ্গে তারা বলেন, ‘বিএনপির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ নীতি, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরো শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং গবেষণা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নের উদ্যোগ জাতীয় স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।’ বিজ্ঞপ্তি