ঢাকা-১২ আসনের এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘চলমান গ্যাস সঙ্কটে নগরজীবনে বিপর্যয় নেমে এসেছে। কিন্তু এ সমস্যা সমাধানে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ নেই।’
বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বিজয় সরণির একটি রেস্তোরাঁয় গ্যাস সঙ্কট, দুর্নীতি, জলাবদ্ধতা, নগর নিরাপত্তা এবং স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক নগর উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘গ্যাস সমস্যা সমাধানে সরকারের একটি মেগা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে। তাই জনজীবনে স্বস্তি ফিরে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপদকালীন জরুরি পদক্ষেপ নিতে হবে।’
তিনি ঘুষ-দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘দেশটা এখন ঘুষ ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। করদাতাদের কর প্রদান করতেও ঘুষ দিতে হয়। তাই নগরীর সকল সেবা ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে হবে।’
এমপি ঢাকা সিটি নিয়ে জামায়াতের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘জনগণ আগামী দিনে জামায়াতের হাতে নগর প্রশাসনের দায়িত্ব দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নাগরিক বান্ধব নগরীতে পরিণত করা হবে।’
তিনি বসবাসযোগ্য নগরী গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনেও রাজধানীর মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। চাঁদাবাজি, মাদকাসক্তি, পানি ও গ্যাস সঙ্কট, যানজট এবং ফুটপাত দখল নাগরিক জীবনে ভোগান্তি সৃষ্টি করছে। এসব সমস্যার সমাধানে সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্বের বিকল্প নেই।’
তিনি রাজধানীর যানজট প্রসঙ্গে বলেন, ‘সড়কে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যানজট অনেকাংশে কমানো সম্ভব।’
জলাবদ্ধতা সম্পর্কে মহানগরীর আমির বলেন, ‘বর্ষা শুরুর আগেই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার, নিয়মিত খাল খনন এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নিলে রাজধানীর জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব। কিন্তু নগর প্রশাসন এ বিষয়ে খুবই উদাসীন। তাই নগরজীবনের সার্বিক সমস্যা সমাধানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধির হাতে নগর প্রশাসনের দায়িত্ব হস্তান্তরের কোনো বিকল্প নেই।’
তেজগাঁও উত্তর থানার আমির হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন ও মুহাম্মদ আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদিসহ অন্য নেতারা।



