ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন।
একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা হবে উল্লেখ করে তিনি বলেন, আজ আমাদের জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি।
ভোট দেয়ার আগে তিনি ৫৯ নম্বর ওয়ার্ডের বাগচরগঞ্জ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, যা আশাব্যঞ্জক।
তবে নিজ কেন্দ্রে এসে ভোটারদের কাছ থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ শোনার কথা জানান তিনি। রবিন বলেন, অনেক ভোটার প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি জানতে তিনি কেন্দ্রের ভেতরে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন।
কর্মকর্তারা তাকে জানান, শুরুতে কিছুটা অগোছালো পরিস্থিতির কারণে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ধীরগতির বিষয়টি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
তানভীর আহমেদ রবিন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করা হয়।
তিনি বলেন, ‘অনেকের জরুরি কাজ বা শারীরিক অসুস্থতা থাকতে পারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে কেউ যেন ভোট না দিয়েই ফিরে না যান, সেটাই আমাদের প্রত্যাশা।’
তিনি জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপির অ্যাজেন্টরা প্রতিটি কেন্দ্রে প্রবেশ করেছেন।
ভোটের শুরুতেই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতি আরো ইতিবাচক হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়ান।
প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রার্থীদের অ্যাজেন্ট সঠিক সময়ে আসে নাই। সাড়ে ৭টার দিকে অনেকে এসেছেন। এজন্য ব্যালেট বক্স খোলাসহ সবকিছু দেরিতে শুরু করতে হয়েছে। পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু করেছি। এছাড়া ভোটগ্রহণ বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। অনেকে ভুল করে পাশের কেন্দ্র থেকে এখানে চলে আসছে। এজন্য লাইন দীর্ঘ হচ্ছে।
তিনি জানান, ভোটের পরিবেশ ভালোই আছে। তবে ভোটারদের আগমন খুবই কম। সকাল ৯টা পর্যন্ত ৬০ জন ভোট দিয়েছে।
এই কেন্দ্র মোট ভোটার ৩৫৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৯৮০ জন ও মহিলা ভোটার ১৬০৮ জন।



