বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের লোকবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না।
সোমবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনের পরিচ্ছন্নতা-পরিষ্কার অভিযান কর্মসূচির শেষ দিনে উত্তরা দক্ষিণখান পূর্ব থানার ৪৮ নম্বর ওয়ার্ডের বিদুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সম্মানিত দক্ষিণখানবাসী, বিশেষ করে বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার একটি বিশাল স্তূপ ছিল। আমাদের ভাইয়েরা সেই ময়লার স্তূপ পরিষ্কার করে জায়গাটিকে সুন্দর করেছেন এবং ফুটপাতটি চলাচলের উপযোগী করে তুলেছেন।
তিনি বলেন, আমরা চাইলে সবাই মিলে আমাদের শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে পারি। আমরা সিটি করপোরেশনকে কাল ও পরশু সময় দিচ্ছি। তারা আরো এদিকে থাকা যে ময়লার স্তূপগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সরিয়ে নেয়। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লাগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি।
প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজেদের উদ্যোগে আবারো পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমাদের লোকেরাই এটি পরিষ্কার করবে। তারা যদি আবারো ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমরা যেভাবে পুরো সিটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি, সেভাবেই এই জায়গাটিও পরিষ্কার করব।
তিনি আরো বলেন, আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হই, তাহলে এই দেশকে একটি মডেল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। এটি মানবিকতার কাজ, নৈতিকতার কাজ। কাউকে দেখানোর জন্য আমরা এই কর্মসূচি করিনি। আমরা আমাদের ঈমানি দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছি। তাই ভালো কাজকে ভালো বলতে হবে। সরকারের কোনো ভালো কাজ থাকলে আমরা সেটাকেও স্বাগত জানাই।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমাদের শহর আমরাই গড়ব—‘ঢাকা উত্তর বদলে দেবো’—এই স্লোগানকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল সিটিতে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্জ্যকে আমরা শুধু ময়লা হিসেবে দেখছি। অথচ বর্জ্য থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি করা সম্ভব। কিন্তু আমাদের প্রশাসন এখনো এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছে না।
তিনি জানান, বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরি হবে বলে জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশে চাকরি নেই, তাই তরুণদের বিদেশে যেতে হবে—এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা ঢাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করতে চাই।
তিনি বলেন, আমরা ঢাকাবাসীকে বলতে চাই—আমাদের দায়িত্ব দিয়ে দেখুন, আমরা আপনাদের জন্য কী করতে পারি। আমরা এই নগরীকে বদলাতে চাই। সবাইকে সাথে নিয়ে, ঐক্যবদ্ধভাবে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক ও মডেল সিটিতে গড়ে তুলতে চাই।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটেরও সমাধান করা সম্ভব হবে। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমাদের শহর আমরাই গড়ব, ঢাকা উত্তর বদলে দেবো—এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাবো।
কর্মসূচিতে উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো: জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো: আবু সাঈদ, দক্ষিণখান পূর্ব থানার সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।



