মাহদী আমীন

সবার জন্য বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করবে বিএনপি

অনলাইন প্রতিবেদক
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন |নয়া দিগন্ত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন বলেছেন, আগামীর বাংলাদেশে সবার জন্য বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে পূর্ববর্তী বিএনপি সরকারের মতোই দেশে সর্বোচ্চ প্রেস ফ্রিডম নিশ্চিত করা হবে। গণমাধ্যম ও সংবাদকর্মীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, সুরক্ষা এবং সর্বাঙ্গীণ অধিকার নিশ্চিত করতে আগামীতে বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখবে।

আজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মূলধারার গণমাধ্যম- প্রিন্ট প্রেস, রেডিও ও টেলিভিশনের বড় ভূমিকার কারণেই সারা পৃথিবী নির্বাচন কারচুপি ও অনিয়ম সম্পর্কে জানতে পেরেছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এটুকুই- সাংবাদিকরা যেন নিজ নিজ পেশাগত অবস্থান থেকে সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইনশা আল্লাহ বিএনপির বিজয় নিশ্চিত হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।