বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই।’
তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ’- এই ৫ দফা শুধু জামায়াতের একক দাবি নয়, একটি দল ছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দলও এই দাবির পক্ষে অবস্থান নিয়েছে। জাতি এই দাবিগুলোর বাস্তবায়ন চায়।
রোববার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের আওতায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, তরুণ প্রজন্ম, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে, তারা জন্মের পর থেকে একবারও ভোট দেয়ার সুযোগ পায়নি। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে, তবে জনগণ ডাকসু নির্বাচনের মতোই ইসলামের পক্ষে আরেকটি বিপ্লব ঘটাবে।
তিনি বলেন, বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের আগে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিচারের আওতায় না আনলে তারা কালো টাকার প্রভাবে নির্বাচনকে বিতর্কিত করবে। অন্তর্বর্তী সরকার এখনো কার্যকরভাবে সক্রিয় হতে পারেনি। যারা চাঁদাবাজি করছে, তারা ধরেই নিয়েছে তারাই ক্ষমতায় থাকবে। কিন্তু জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে তাদের প্রত্যাখ্যান করবে।
তিনি আরো বলেন, জাতি চায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে উঠুক। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মতিঝিলের ইডেন কলেজ চত্বর ও আরামবাগ এলাকায় দাওয়াতী অভিযান পরিচালিত হয়। এ সময় মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিন, সেক্রেটারি খলিলুর রহমান, ওয়ার্ড দায়িত্বশীল মুক্তার হোসেন, মোস্তফা খান, ববি উল্লাহ, আব্দুল মালেক, মহি উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পথচারী ও দোকানিদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতপত্র বিতরণ করেন।বিজ্ঞপ্তি



