সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস

‘জুলাইকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর কিছু দল আছে যারা বেচা-কেনা করছে।’

অনলাইন প্রতিবেদক
নয়াপল্টনে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস
নয়াপল্টনে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস |ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করছি। শিগগিরই নির্বাচন দিন, দেশের শান্তি ফিরবে। না দিলে আমরা ভাববো, দীর্ঘদিন ধরে দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন।’

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এদিন বিকেল ৫ টায় মৌন মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।’

শহীদদের নিয়ে আফসোস হয় জানিয়ে তিনি বলেন, ‘শহীদদের নিয়ে ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে জীবন দিয়েছিলেন, যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, সেই কারণগুলো আজকে হচ্ছে না।’

মির্জা আব্বাস বলেন, ‘পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং শহীদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ, আন্দোলনের শহীদ, আরে ভাই জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা এদেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন।’

তিনি জানান, ‘আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি কিন্তু সেগুলোর প্রতিদান নেই নাই, চাইও না। কিন্তু জুলাইকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর কিছু দল আছে যারা বেচা-কেনা করছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেয়ার চেষ্টা করছেন। দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন। তাতে আমাদের সবার ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণের সাথে নিয়ে লড়াই করে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু, সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এতে উপস্থিত ছিলেন মীর সারাফত আলী শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপি হাবিবুর রশিদ হাবিব, ইশরাক হোসেন, আরিফা রুমা, নাদিয়া পাঠান পাপন প্রমুখ।