পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো তার এ সফরের লক্ষ্য।
মঙ্গলবার (৫ মে) তিনি বেইজিং পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াসিয়াং।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সফরকালে ড. খলিলুর রহমান আজ (বুধবার) বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং একইসাথে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই’র সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি)-এর চেয়ারম্যান এবং অন্য জ্যেষ্ঠ চীনা নেতাদের সাথেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সূত্র : বাসস



