অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন সবার চাওয়া

এ সময় মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি।

নয়া দিগন্ত অনলাইন
সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াত সেক্রেটারি
সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াত সেক্রেটারি |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমার জীবন, চিন্তা-চেতনা, অনুভূতি সবই আল্লাহর জন্য। সব কিছুর মালিক আল্লাহ। সবকিছু আল্লাহর নিয়ম-বিধিতে চলবে, এটাই চিরন্তন বাস্তবতা। আর শপথের মাধ্যমে আমাদের জীবনকে সেই মহান সত্তার কাছে সোপর্দ করেছি। মহান আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া যাবে না।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি।

ঢাকা মহানগরী উত্তরের সকল জনশক্তিকে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ত্রয়োদশ নির্বাচনে কাঙ্খিত ফলাফল অর্জন করতে হবে। শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্খিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। জাতীয় সমাবেশ হলো তার টার্নিংপয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সমাবেশে ১০ হাজার পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের নায়েবে আমির আ: রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা: ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত। দারসুল কোরআন পেশ করেন ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।