বাড্ডা-রামপুরায় জামায়াতের রুকন সম্মেলন

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে : সেলিম উদ্দিন

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন
বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম উদ্দিন |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আদায় করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে।

এসময় তিনি জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রুকনসহ সর্বস্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর বাড্ডা-রামপুরা জোন জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রুকনিয়াত কোনো পদ-পদবী নয় বরং এটি একটি মানের নাম। আমরা রুকনিয়াতের শপথের মাধ্যমে সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রের সর্বস্তরে ইনসাফ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা সহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় গ্রহণ করি। এ প্রত্যয় গ্রহণের মাধ্যমেই নিজের আমিত্বকে পরিহার করে নিজেদের সকল কিছুকে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করি। তাই শপথ গ্রহণের পর আর আমার বলতে কিছু থাকে না। সবকিছু দ্বীন ও মানুষের কল্যাণে নিবেদিত হয়।’

তিনি জুলাই সনদের প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করে বলেন, ‘জুলাই সনদ ‘২৪ বিপ্লবের রক্ষাকবচ। তাই এ সনদকে কথামালার ফুলঝুড়ির মধ্যে সীমাবদ্ধ না রেখে আইনি ভিত্তি এবং সে সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। কোনো দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনোভাবে মেনে নেবে না।’

তিনি বলেন, ‘মূলত জুলাই বিপ্লব আমাদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি দিয়েছে। মূলত এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তাই আমাদেরকে এ বিপ্লবের চেতনাকে ধারণ করেই আগামী দিনের কর্মপন্থা গ্রহণ করতে হবে।’

তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, ‘স্বৈরাচার কর্তৃক ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় কাঠামোর কার্যকর সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান হওয়ার পর অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এমন প্রতিশ্রুতি দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। কিন্তু সে প্রতিশ্রুতি থেকে তারা সরে আসছে বলেই মনে হচ্ছে। তারা একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে চায়। কিন্তু জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না বরং গণদাবি আদায়ের মাধ্যমেই নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যারগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজী ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের মানুষের নিশ্চয়তা থাকবে।’

তিনি আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। অন্যথায় জনগণ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও বাড্ডা উত্তর থানা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীনের পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।

আখাউড়ায় হিন্দু কমিনিউটির সাথে মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উত্তর ইউনিয়নের উদ্যোগে হিন্দু কমিউনিটির সাথে কথা ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার আজ বৃহস্পতিবার ১২টায় কালী মন্দিরে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সানাউল্লাহ, পৌরসভা জামায়াতের আমির মোরশেদুল আলম, আখাউড়া উত্তর ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ আলী, সমাজসেবক আবুল কাসেম। হিন্দু কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার রাজু চন্দ ঋষি, জীবন ঋষি, কালী মন্দিরের সভাপতি কৃষ্ণ চরণ ঋষি, সন্তোষ ঋষি, বিকাশ ঋষি, রুপন ঋষি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি