মো: সাহাবুদ্দিন পদত্যাগের পর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কেমন ব্যক্তি হবেন, সে বিষয়ে মতামত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করলেন। ফ্যাসিবাদের পতনের পরই তার পদত্যাগ প্রত্যাশিত ছিলো। কিন্তু রাজনীতির নানা অন্তস্রোতের কারণে এতোদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে। আবার রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন। এটা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে।’
গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার বিষয়ে জোড়ালো আলোচনা হয়েছে, যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে। আমরা আশা করবো, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা হবে।’
পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ পদটিতে ‘ব্যক্তিত্ববান’ কেউ আসুক- দলটি এই আশাবাদ ব্যক্ত করেছে।



