প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে ক্ষমতায় নয়, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।
মঙ্গলবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলেই জনগণের কাছে সরকারের জবাবদিহিতা আছে।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কেউ অপরাধ করলে, পার পাবে না।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



