ঐতিহাসিক বদর, শাহাদাত ও কোরআনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে উত্তরা পূর্ব থানা থানা জামায়াত আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম, জামায়াত মনোনীত ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর করার পর ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীনরা এখন ইউটার্ন নিয়েছে। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলেও তারা শুধু নিজেদের স্বার্থের অনুকূলে সংসদ নির্বাচনকে বৈধ বলে স্বীকার করছে। অথচ ৪ কোটি ৪০ লাখ ভোট পেয়ে বিজয়ী গণভোটকে তারা পুরোপুরি অস্বীকার করে দেশ ও জনগণের সাথে অনেকটা প্রতারণায় লিপ্ত হয়েছে। যা তাদের স্ববিরোধিতা ও আত্মঘাতী সিদ্ধান্ত।’
তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে টালবাহানা না করে জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
‘অন্যথায় বীর জনতার জুলাই ও বদরের যুগপৎ চেতনায় উদ্বুদ্ধ আবারো নতুন করে জেগে ওঠে সরকারকে গণরায় বাস্তবায়নে বাধ্য করতে,’ হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখন পবিত্র মাহে রমজান চলছে। তাই এ বেশি বেশি দান, সদকা ও জাকাত আদায় করা দরকার। রাসূল সা: এ মাসে বেশি বেশি দান করতে উদ্বুদ্ধ করেছেন। আমরা সে আলোকেই পুরো রমজান মাস ধরেই বিভিন্ন ধরনের গণমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা দেশকে একটি মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই।’
তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি


