মোমবাতিই এখন একমাত্র সম্বল : সেলিম উদ্দিন

ভারতের সাথে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ।

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত মোমবাতি মিছিল
বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত মোমবাতি মিছিল |ছবি : নয়া দিগন্ত

গ্যাস-বিদ্যুৎ সঙ্কট কোনো যুদ্ধের কারণে নয়; বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সঙ্কটের সমাধান করা না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সঙ্কট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়।

ভারতের সাথে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।