বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ড. মাসুদের ঈদ উপহার বিতরণ

​প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ |নয়া দিগন্ত

জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাতটি পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সৌজন্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এসব উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

​প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর প্যাকেজে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ লিটার সয়াবিন তেল এবং নগদ ১ হাজার টাকা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন।

এ সময় ​উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যাদের ওপর কোরবানি ফরজ হয়েছে, তারা যেন যথাযথভাবে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। পাশাপাশি একটি মানবিক বাউফল বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার নিয়ে ড. মাসুদ বলেন, আমাদের সম্পর্কে মাঝে মাঝে নেতিবাচক প্রচারণা চালানো হয়। আপনাদের প্রতি আহ্বান জানাই, কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে দেখবেন। যদি কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তার শাস্তি আমরা মাথা পেতে নেব। সংগঠনের কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।

​উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘উন্নয়নমূলক কাজে কেউ চুরি, অনিয়ম কিংবা চাঁদাবাজি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’

​সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি আরো বলেন, কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাউফলে বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, লোহালিয়া নদীতে অবশ্যই সেতু নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।

​অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।