বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসা পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার দুপুরে হাটহাজারী মাদরাসায় গিয়ে তারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।
এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পাইনি।’
জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে। তবে জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি।’
তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন হবে সকলের অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবেন।’



