লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির ডিফ্যাক্টো শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে।

নয়া দিগন্ত অনলাইন
বৈঠকের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান হাত মেলান
বৈঠকের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান হাত মেলান |প্রধান উপদেষ্টার প্রেস উইং

যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি হয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি ঘণ্টা দেড়েক চলেছে বলে জানা গেছে।

অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত, অর্থাৎ তাদের দু’জনের মধ্যেই বৈঠকটি হয়।

তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও তারেক রহমানের সাথে ওই হোটেলে গেছেন।

এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে।

এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির ডিফ্যাক্টো শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছে।

এর আগে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি নেতা তারেক রহমানের সাথে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয়।

সূত্রগুলো জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে।