ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। একইসাথে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিসের লোগো
খেলাফত মজলিসের লোগো |সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। একইসাথে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তারা বলেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখতে নির্বাচন কমিশনের এই নির্দেশনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে। এতে নাগরিক সাংবাদিকতা ব্যাহত হবে। ভোটের দিন দুষ্কৃতিকারীদের অনিয়ম আরো সহজতর হবে। ভোটাররা অনিয়মের অভিযোগ করবেন কিন্ত কোনো প্রমাণ দেখাতে পারবেন না। মোবাইল ছাড়া দূরবর্তি কেন্দ্রের ভোটাররা বাসা থেকে বের হতে শংকাবোধ করবেন কিংবা বেরই হবেন না। এতে ভোটার উপস্থিতি কমবে ও নির্বাচন অগ্রহণযোগ্য হবে। যারা মোবাইল নিয়ে কেন্দ্রে যাবেন, তারাও বাহিরে পরিচিত/অপরিচিত কারো কাছে মোবাইল জমা রেখে ভেতরে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়াতে অস্বস্তিবোধ করবেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ইন্টারনেট শাটডাউনের নতুন রূপ।

খেলাফত মজলিসের নেতারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নির্বাচন কমিশনের প্রতি এই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যদি মোবাইল ফোন নিষিদ্ধ করতে হয়, শুধুমাত্র ভোট কক্ষ অথবা ভোট দেয়ার গোপন বুথে প্রবেশের পূর্বে মোবাইল জমা রেখে দেয়ার বিধান করা যেতে পারে। যা সংশ্লিষ্ট কক্ষের পোলিং কর্মকর্তার নিকট জমা থাকবে, ভোট প্রদান শেষে ভোটরকে মোবাইল ফেরত দেবে।