মির্জা আব্বাস

নির্বাচন পেছাতেই ‘মেজর সাদিক চক্রান্ত’

দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে। এই ভোট সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো।

অনলাইন প্রতিবেদক
যুব-সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস
যুব-সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস |নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন দেশে আজকে এই গোলযোগ সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা শুনলাম। সাদিক নামে একজন মেজর দেশে বসে চক্রান্ত করছেন। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানো নাটক। যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ ১৭ বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে। এই ভোট সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো।

সোমবার ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়’ আয়োজিত যুব-সমাবেশে তিনি এ কথা বলেন। রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউট প্রাঙ্গণে এ সমাবেশে আয়োজন করে যুবদল।

মির্জা আব্বাস বলেন, আজকে সরকারের মধ্যে ও সরকারের বাইরে বিএনপির বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র চলছে, আমরা দেখতে পাচ্ছি। তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে, তারা ধরেই নিয়েছে, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। অথচ বিএনপি কখনোই বলে নাই এ কথা।

তিনি বলেন, দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে বিএনপি, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে, কোনো একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আসে। তারা আমাদের নেতা তারেককে উদ্দেশ্য করে বলছে, ‘হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে’। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়। এটা গণতান্ত্রিক ঐক্য বজায় রাখার স্লোগান নয়।

তিনি বলেন, আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বারবার বলেছে, সহযোগিতার কথা। আজকের জুলাই সনদসহ বেশ কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন, ‘যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না। যদি ওইটা না হয় নির্বাচন হতে দেয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না।’ আমরাও তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আমরাও মানতে চাই না। আমরা প্রতিরোধ করব।

৩৬ দিনের আন্দোলনে কি সরকারের পতন হয়ে গেছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ১৭ বছর কি আমরা রাজপথে আন্দোলন ছিলাম না। যদি জুলাই-আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিতো। একটি কথা বলতে চাই, সম্ভবত ২৩ সালের ২৮ অক্টোবর আমাদের একটা মহাসমাবেশ ছিল। ওই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি।

তিনি বলেন, আমরা ১৭ বছর ধরে গাছে পানি দিলাম, আপনারাও ফলটা খেলেন। এখন বলছেন, বিএনপি টিএনপি কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার হয়ে গেছে। আরে আমরা তো সরকারেই গেলাম না।