চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর প্রধান উপদেষ্টাকে কিয়োংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

আশরাফুল ইসলাম ও কাওসার আজম; বোয়াও, চীন থেকে
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন চীনের প্রতিনিধিরা
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন চীনের প্রতিনিধিরা |প্রধান উপদেষ্টার কার্যালয়

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (চীন সময় ৬টা ১৫ মিনিট) চীনের হাইনান প্রদেশে পৌঁছান।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে কিয়োংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এর আগে, দুপুর ১টায় চীন সরকারের পাঠানো এক বিশেষ বিমানে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।

বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীনে শুরু হওয়া চার দিনব্যাপী ‘দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন-২০২৫-এ অংশ নিতে বোয়াও এসেছে তিনি। দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত দেশটির হাইনান প্রদেশের কিয়োংহাই-এর পর্যটন শহর বোয়াওতে গত মঙ্গলবার শুরু হয়েছে এই সম্মেলন। শেষ হবে আগামী শুক্রবার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সম্মেলনে বক্তব্য রাখবেন। শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং-এর সাথে বৈঠক করবেন। এছাড়া, তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে। আগামী শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

‘বিশ্ব পরিবর্তনের মধ্যে এশিয়ার ভবিষ্যৎ গঠন’-এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী শুরু হওয়া এই সম্মেলনের তৃতীয় দিন যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় দু’ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। তবে, এবারের এই সম্মেলনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার তিনি জমকালো এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে মূল চারটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো হলো-সদস্য দেশগুলোর মধ্যে পরস্পরের মধ্যে আস্থা পুনর্গঠন ও সহযোগিতা বৃদ্ধি, বিশ্বায়নের পুনঃসামঞ্জস্য ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, টেকসই উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী উন্নয়ন।

তবে, এ বছর সম্মেলনটি সদস্য দেশগুলোর উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনাকে উৎসাহিত করছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বোয়াও ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেয়া বক্তব্যে বাংলাদেশে নির্মাণ, সেবাখাত ও জ্বালানিসহ বিভিন্নখাতে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন।

সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধি ও ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বড় বিনিয়োগে উৎসাহিত করবেন বলে জানা গেছে।