আমজনতা দলের তারেক পেলেন ১০৪৪ ভোট, জামানত বাজেয়াপ্ত

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।’

নয়া দিগন্ত অনলাইন
আমজনতা দলের সদস্য সচিব মো: তারেক রহমান
আমজনতা দলের সদস্য সচিব মো: তারেক রহমান |সংগৃহীত

ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে আমজনতা দলের সদস্য সচিব মো: তারেক রহমান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র এক হাজার ৪৪ ভোট। প্রাপ্ত ফল অনুযায়ী, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে এক লাখ ২২ হাজার ২৬৮টি। যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। এখানে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এদিকে, এ আসনে মোট বাতিল ভোটের সংখ্যা দু’ হাজার ৪৪৪টি। মানে বাতিল হওয়া ভোটের থেকেও কম ভোট পেয়েছেন আমজনতার তারেক।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রয়োজনীয় ভোট না পাওয়ার ফলে বাজেয়াপ্ত হবে তার জামানত।

উল্লেখ্য, শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। রাত থেকে বেসরকারিভাবে শুরু হয় ফলাফল প্রকাশ।