বাণিজ্য সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক

বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক |সংগৃহীত

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও তুরস্ক।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির এবং তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচির মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং কৌশলগত সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো এগিয়ে নেয়া প্রয়োজন।

তুর্কি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অর্থনৈতিক অংশীদারত্ব, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচিত হয়। উভয় পক্ষই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি এবং বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

কর্ডিয়াল ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ ভবিষ্যতে সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়। বাসস