মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পুলিশ সদস্যদের সাথে কথা বলার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সড়কে বসে প্রতিবাদ জানান।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার চা-কন্যা ভাস্কর্য এলাকায় প্রথমে এনসিপির গাড়িবহর থামিয়ে দেয় পুলিশ। পরে হবিগঞ্জের মিরপুর এলাকায়ও তাদের অগ্রযাত্রা রোধ করা হয়।
জানা গেছে, হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এ অবস্থায় মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হলে পথে একাধিক স্থানে এনসিপির নেতাদের গাড়িবহর আটকে দেয়া হয়।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডা: মাহমুদা মিতু এমপিসহ কেন্দ্রীয় নেতাদের পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে হবিগঞ্জের মিরপুর এলাকায় পুলিশের ব্যারিকেডের সামনে সড়কে বসে প্রতিবাদ জানান তারা।
সেখানে নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব।’
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জে এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে বেপরোয়া হামলার ঘটনায় জেলাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আজ বুধবার এনসিপি ও বিএনপির ঘোষিত পৃথক কর্মসূচির প্রেক্ষাপটে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।



