শফিকুল ইসলাম মাসুদ

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পথে হাঁটছে

সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে রুকন সমাবেশ

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়।

নিজস্ব প্রতিবেদক
বক্তব্য প্রদান করছেন ড. শফিকুল ইসলাম মাসুদ
বক্তব্য প্রদান করছেন ড. শফিকুল ইসলাম মাসুদ |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী বিগত ৬ মাসে বিএনপি সরকার রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছে, তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে যেই দলীয়করণ করেছে বিএনপি ৬ মাসে তার চেয়ে কম করেনি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় আসলেও ক্ষমতা গ্রহণ করে সবার আগে বিএনপি নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, আর্থিক- এমনিক মসজিদ-মাদরাসার মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে এর সমাধান হবে। এজন্য যা যা করণীয় বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে তা করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা রাখবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে তিনি আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, তেল, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, দ্রব্যমূল্যের ক্রমেই ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দলীয়করণ আর নৈরাজ্য চলছে দেশে। এসব দেখে বোঝার উপায় নেই বাংলাদেশে কোনো সরকার আছে। অথচ সরকার প্রচার করে ৬৩ শতাংশ জনগণ সরকারের কাজে সন্তুষ্ট! কোন কাজের ওপর দেশের ৬৩ শতাংশ জনগণ সরকারের ওপর সন্তুষ্ট সেটি প্রকাশ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোন সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় রুকন সমাবেশে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।

রুকন সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর মজলিশে শূরা সদস্য যথাক্রমে সবুজবাগ দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল বারী, মুগদা পশ্চিম থানা আমির মতিউর রহমান, মুগদা উত্তর থানা আমির অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সবুজবাগ পূর্ব থানা আমির মো: রওশন জামান, মুগদা পূর্ব থানা আমির মাওলানা ইসহাক, মুগদা দক্ষিণ থানা আমির মো: ইয়াকুব আলী। এ ছাড়াও জোনের থানাগুলোর সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।