মোহাম্মদ সেলিম উদ্দিন

দ্বীন প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ক্ষমতাসীনরা দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের উল্লেখযোগ্য অর্জন হলেও সরকার গণরায়কে পদদলিত করে জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে। তাই আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনমত তৈরির জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
ঈদ পুনর্মিলনীতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান
ঈদ পুনর্মিলনীতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান |সংগৃহীত

ইসলামীকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ রাজধানীর বসুন্ধরার মেট্রো কিচেন পল্লীর আব্দুস সোবহানর রোডস্থ জিরো গ্রাউন্ডে বসুন্ধরার সাংগঠনিক থানার ৪০ নম্বর ওয়ার্ড আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির ইঞ্জিনিয়ার আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লান। এ সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ ইউসুফসহ প্রমূখ।

সেলিম উদ্দিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে দুনিয়াতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। একই সাথে দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেয়া হয়েছে। কালামে পাকে বলা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। মহান আল্লাহ পাকের সে ঘোষণা মোতাবেক আমরা মানুষের কল্যাণেই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত, দ্বীনই প্রত্যেক মোমিনের জীবনোদ্দেশ্য। হাদিসে রাসূল সা.-এর ভাষ্য অনুযায়ী যার মধ্যে দ্বীন প্রতিষ্ঠার জজবা নেই, তার মধ্যে ঈমানও নেই। তাই জীবনের সকল ক্ষেত্রেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের উল্লেখযোগ্য অর্জন হলেও সরকার গণরায়কে পদদলিত করে জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এসেছে। তাই আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনমত তৈরির জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে।

তিনি দ্বীন প্রতিষ্ঠায় দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, দাওয়াত ও তাবলিগই ইসলামী আন্দোলনের প্রধান চালিকা শক্তি। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করতে বেশি বেশি কোরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। একইসাথে গণসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি জনগণের সেবার গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমত প্রচেষ্টা চালাতে হবে। যেকোনো আপদকালীন সময়ে তাদের পাশে দাঁড়াতে পারলেই ইসলামী আন্দোলনের পথচলা সহজতর হবে। তিনি ডিএনসিসিকে জনবান্ধব নগরীতে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের রোকন শিক্ষা বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, বিগত নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ব্যাপকভাবে ভোট দিয়েছে, শুধুমাত্র নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। এ নির্বাচনের মাধ্যমে সারাবিশ্ব জামায়াতের সাংগঠনিক ভিত্তি ও শৃঙ্খলা সম্বন্ধে অবগত হয়েছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে এই জনগণই জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসবেন। সেই জন্য আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে এবং আমাদের সকল স্তরের জনশক্তি ভাইদেরকে এখন থেকেই সমাজের সকল স্তরের মানুষের কাছে যেতে হবে, ইসলামের সঠিক ধারণা পৌঁছে দিতে হবে। তাহলেই কেবল মাত্র আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর-এর উদ্যোগে এক মিলনায়তনে রোকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরেবাংলা নগর উত্তর থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে রোকন শিক্ষা বৈঠকে দারসুল কোরআন পেশ করেন মাওলানা ফকরুদ্দিন আহমেদ।

সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা অফিস সম্পাদক তৌহিদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা। প্রেস বিজ্ঞপ্তি