রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ভোট পড়েছে মোট ৩৪৩টি। মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন ২৫৫ ভোট পেয়ে।

নয়া দিগন্ত অনলাইন
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ জাতীয় সংসদের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয় |সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ নেননি ছয়জন সংসদ সদস্য (এমপি)।

তাদের মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা স্পিকারের কাছে চিঠি দিয়ে অসুস্থতার কারণে ভোটে অংশ না নেয়ার কথা জানিয়েছেন।

এছাড়া দলটির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারেননি।

এদিকে, দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেননি।

দেশের বাইরে অবস্থান করায় খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি।

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাও রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে অংশ নেননি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ভোট পড়েছে মোট ৩৪৩টি। মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন ২৫৫ ভোট পেয়ে।

তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোট গণনা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ঐতিহাসিক এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।