জুলাইযোদ্ধা আশরাফুলের ইন্তেকালে জামায়াত আমিরের গভীর শোক

‘এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়ে যায়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- আশরাফুল তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তায়ালা তার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন।’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান |ফাইল ছবি

জুলাইযোদ্ধা আশরাফুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই শোক জানান। বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি ইন্তেকালে করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরো বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়ে যায়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- আশরাফুল তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তায়ালা তার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।