পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের সময় সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অন্তত তিন জন সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত সাংবাদিকরাা হলেন তোফায়েল (বাংলা নিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা)।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আহত সাংবাদিকরা সাধারণত পেশাদারিত্বের সঙ্গে ঘটনা লাইভ সম্প্রচার করছিলেন, যা গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার। পুলিশি হস্তক্ষেপে তাদের ওপর অযাচিত সহিংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
আমরা সকলকে মনে করিয়ে দিতে চাই যে, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।
আমি সরকারের নিকট সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জোর দাবি জানাচ্ছি। আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং যথাযথ তদন্তের মাধ্যমে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।



