নজরুল ইসলাম

শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছিল ফ্যাসিস্টরা

যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ একটা সঙ্কটে থাকলেও ইশতেহারে দেয়া শ্রমিকদের দেয়া প্রতিশ্রুতিগুলো সরকার পূরণ করবে। শ্রমজীবি মানুষের যে সমস্যা তা আইন ও বিধিমালা করে সমস্যা সমাধান করা হবে।

অনলাইন প্রতিবেদক
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান |নয়া দিগন্ত

বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশ একটা সঙ্কটে থাকলেও ইশতেহারে দেয়া শ্রমিকদের দেয়া প্রতিশ্রুতিগুলো সরকার পূরণ করবে। শ্রমজীবি মানুষের যে সমস্যা তা আইন ও বিধিমালা করে সমস্যা সমাধান করা হবে বলেও মন্তব্য করেন এ শ্রমিক নেতা।

কৃষকরা নায্যমূল্য পায় না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, মধ্যস্বত্বভোগীদের লুটপাট কমানো সম্ভব হলে, মজুরি বৃদ্ধি না করলেও শ্রমিকরা ভালো থাকবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন জানিয়ে তিনি বলেন, এরইমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন করা হয়েছে, মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী কর্মজীবী মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে উপস্থিত হবে।

নজরুল ইসলাম খান বলেন, এই সমাবেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ জাতীয় নেতা এবং শ্রমিক নেতারা বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ অনেকে।