লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
কারিনার অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মেধাবী শিল্পীর প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়িয়েছিলে, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।’
তিনি আরো উল্লেখ করেন, কারিনার প্রাণবন্ত উপস্থিতি, বুদ্ধিদীপ্ততা এবং কাজের প্রতি নিষ্ঠা তাকে অনন্য করে তুলেছিল।
ফারুকী তার স্মৃতিচারণে বলেন, ‘আমরা বলেছিলাম আমরা তোমার ফ্যান, আর তুমি লজ্জা পেয়ে হাসছিলে। আজ তুমি বিশ্বাস করছো আমরা সত্যিই তোমার বড় ফ্যান ছিলাম।’
শেষে তিনি দোয়া করে লিখেছেন, ‘আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, কারিনা।’
কারিনা সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকেও অভিনয়ের মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং চলচ্চিত্র ৩৬-২৪-৩৬।



