সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে।

অনলাইন প্রতিবেদক
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক |ইন্টারনেট

বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি এবং রাত ৮টায় জামায়াত।

দল দু'টি থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির আমির ডা: শফিকুর রহমান।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গত বৃহস্পতিবার (২২ মে) খবর বের হয়। তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

অন্যদিকে, গত বৃহস্পতিবার দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে দল দু'টির। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয় বিশেষভাবে আলোচনা হতে পারে।