জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্ততিও সম্পন্ন হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক।
এদিকে কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন পুলিশসহ নয় শতাধিক পুলিশ সদস্য মাঠে রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাতেই পদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে কৃষকদের সাথে কথা বলেন।
এছাড়া আজ দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন পদযাত্রায় অংশ নেবেন।
উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারো গর্জে উঠবে। পদযাত্রায় প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকজনের সমাগম হবে বলে আশা করছি। পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।
তিনি আরো বলেন, টাঙ্গাইলের নিরালা মোড় শুধু একটি মোড় নয়, এটি ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উত্তপ্ত মুহূর্তের জ্বলন্ত সাক্ষী। এক সময় এই মোড়ে ছড়িয়ে ছিল জনগণের স্লোগান, প্রতিরোধের গর্জন ও জাগ্রত স্বাধীনতার চিন্তার ঝলক। সেই ঐতিহাসিক মাটি আবারো স্পর্শ করবে এনসিপির পদযাত্রায়।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এপিবিএন পুলিশের ৭০ জন সদস্যসহ নয় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।



