ফ্যাসিবাদী-মাফিয়াতন্ত্রীদের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মাহফুজুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামী লীগ সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিল। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালী ও মাফিয়াতন্ত্রীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।’
তিনি বলেন, ‘পতনের দু’বছর অতিক্রান্ত হলেও ফ্যাসিস্ট দলের কোনো নেতা-কর্মীর বিচারই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারো হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।’
তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো: শহিদুল্লাহ, শাহ আলম তুহিন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



