এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের উদ্যোগে বৈশ্বিক প্রবাসী সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নয়া দিগন্ত অনলাইন
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গ্লোবাল ডায়াস্পোরা সেলের উদ্যোগে বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের অংশগ্রহণে ‘বৈশ্বিক প্রবাসী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত ২৯ জুলাই বাংলাদেশ সময় রাত ৯টায় অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশী প্রবাসীরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।’

তিনি প্রবাসীদের বাংলাদেশের ভাগ্যোন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রবাসীদের যথাযথ ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, তা কেবল নির্বাচন আয়োজনের মাধ্যমে পূরণ হবে না।’ এ জন্য তিনি জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এবং অর্থনৈতিক কাঠামোতে আমূল সংস্কার বাস্তবায়ন ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।’

এনসিপি সকল ধরনের আধিপত্যবাদের বিরোধিতা করে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আধিপত্যবাদের প্রভাব অন্য সকল আধিপত্যবাদের চেয়ে ভিন্ন। ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ সীমান্তের কারণে এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার ভারতের প্রত্যক্ষ সমর্থনে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। নদীর পানির ন্যায্য হিস্যা থেকে শুরু করে সীমান্তে হত্যাকাণ্ড—বিভিন্ন ইস্যুর মাধ্যমে ভারত বাংলাদেশকে কার্যত একটি করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে।’

জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছে উল্লেখ করে নাহিদ ইসলাম এ সংগ্রামে প্রবাসীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জাতীয় নাগরিক পার্টি প্রবাসীদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।’

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীদের ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ওই কর্মসূচির ফলে তৎকালীন সরকার ব্যাপক চাপের মুখে পড়েছিল।’

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চার শতাধিক প্রবাসী বাংলাদেশী এবং এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ। বিশ্বের বিভিন্ন দেশের এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতৃবৃন্দও সম্মেলনে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাত।